পাবনার সুজানগরে নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মো. রাহাতের। গত ৯ আগস্ট বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরদিন বাড়ি থেকে বেশ দূরে পদ্মা নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল ও একজোড়া জুতা পাওয়া যায়। ছেলেকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন রাহাতের বাবা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাবনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানান রাহাতের বাবা কৃষক মো. মুন্নুচ আলী।

রাহাত পাবনার সুজানগর উপজেলার ভায়না গ্রামের বাসিন্দা। সে সাতবাড়িয়া উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফলের অপেক্ষায় থাকা অবস্থায় গত ৯ আগস্ট বিকেলে বাইসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে না ফেরায় প্রথমে বন্ধু, স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেন পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে মানিকহাট ইউনিয়নের গুপিনপুর গোরস্তানসংলগ্ন মাজপাড়া ঈদগাহ মাঠের পাশে পদ্মা নদীর পাড় থেকে রাহাতের বাইসাইকেল ও জুতা পাওয়া যায়। বাড়ি থেকে দূরের ওই স্থানে তার ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকা নিয়ে তখন থেকেই পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়।
রাহাতের বাবা জানান, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাজপাড়া ঈদগাহ মাঠের সামনে একটি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল। এসব যানবাহনের সঙ্গে রাহাতের নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি।
মুন্নুচ আলী বলেন, তারা নিজেরা কারও বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিতে চান না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুক। তার একমাত্র দাবি, রাহাতকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া।
রাহাতের নিখোঁজের ঘটনায় গত ১০ আগস্ট সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৬ আগস্ট তার বাবা অপহরণের অভিযোগে মামলা করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
মামলা হওয়ার পরও ৪৫ দিন ধরে রাহাতের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের। ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে—এমন কোনো তথ্যও তারা পাননি। প্রতিদিন ছেলের ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে রাহাতের বাবা বলেন, ৪৫ দিন ধরে তারা জানেন না ছেলে বেঁচে আছে কি না বা কোথায় আছে। প্রশাসনের কাছে দ্রুত তার ছেলেকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।