যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, গত দুদিন ধরে হোটেলের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।