বগুড়ার শাজাহানপুরে উল্টো পথে চলা মাইক্রোবাসের সঙ্গে ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফেরদৌস মন্ডল (২৫) ও বারইল গ্রামের জুবায়েদুল ইসলাম (৩০)। ফেরদৌস মাইক্রোবাসটির চালক ছিলেন।
পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তিকে নিয়ে তার সাত স্বজন আক্কেলপুরে ফিরছিলেন। নয়মাইল এলাকায় মাইক্রোবাসটি ভুল করে বিপরীত লেনে চলে গেলে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল মারা যান।
আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সজল শেখ, বগুড়া
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।