গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে দুইজন, সিলেট, খুলনা ও রংপুরে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৫১ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।