জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের কষ্ট হবে স্বীকার করে সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি। পাশাপাশি দেশে জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম সমন্বয়ের মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানো হলে বছরে সরকারের ভর্তুকি প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে। গ্যাস ও বিদ্যুৎ খাতে চলতি অর্থবছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার কথা থাকলেও অর্থবছরের আড়াই মাসেই এর প্রায় অর্ধেক দেয়া হয়েছে বলে জানান তিনি।
গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আগস্টে তৈরি হওয়া সংকট বর্তমানে কেটে গেছে এবং সরবরাহ আগের পর্যায়ে ফিরে এসেছে। একই সঙ্গে গ্যাসের আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে সরকার।
ফ্যামিলি কার্ডের ডাটাবেইজ তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে সবাইকে এ কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিক পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেয়ার কথা রয়েছে। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব দেয়া হবে বলে জানান জাহেদ উর রহমান।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।