মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে হোয়াইট হাউসের বিরোধের মধ্যেই ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘TRUMP TV: The Essentials Station’ নামে চ্যানেলটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, চ্যানেলটিতে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ঘোষণা এবং পুরোনো ভিডিও ফুটেজ ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এর সম্প্রচার শুরু হয়।
চ্যানেল চালুর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন। এসব সংবাদমাধ্যম তার প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ প্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি। পরদিন ওই তিন প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।
এদিকে হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সিএনএন, এমএস নাও ও পলিটিকো। তাদের অভিযোগ, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে।
মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় করা হয়েছে। সংবাদমাধ্যম তিনটির দাবি, সরকারের সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা স্বাধীন সাংবাদিকতার অধিকারে হস্তক্ষেপ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।