পাবনার সাঁথিয়া উপজেলার ডেমড়া-আতাইকুলা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। প্রায় সাড়ে ১৫ কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলা এলাকার প্রায় ১০ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, সড়কটি কৃষিপণ্য পরিবহন, রোগীদের হাসপাতালে নেয়া এবং জেলা শহরে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। বাঘাবাড়ী তেল ডিপোর যানবাহনও এ সড়ক দিয়ে নাটোর, কুষ্টিয়া ও রাজশাহীর দিকে চলাচল করে। আতাইকুলা ও শাহজাদপুরের ব্যবসায়ীদের পণ্য আনা-নেয়ার ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ।
এলজিইডি সূত্রে জানা গেছে, ১৯৯০-এর দশকে নির্মিত সড়কটির সর্বশেষ সংস্কার হয় প্রায় সাত বছর আগে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সংস্কারের পর চার-পাঁচ বছর তুলনামূলক স্বাভাবিক থাকলেও গত দুই-তিন বছরে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কের বেহাল অবস্থায় সিএনজি, ভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। যানবাহনের ক্ষতি ও ঝুঁকি বেড়ে যাওয়ায় চালকরাও এ পথে চলাচলে অনীহা দেখাচ্ছেন। ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
স্থানীয় কৃষক ও যানবাহন চালকরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। এর বর্তমান অবস্থা ও সংস্কারের প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।
পাবনা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।