কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি করে মানববন্ধন করেছেন কুবি শিক্ষার্থীরা। একই সঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা; প্রশাসনিক ব্যর্থতার দায়ে কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার; কুবি এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন; এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইউনিট গঠন।
মানববন্ধনে শিক্ষার্থীরা পুলিশের তদন্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। তাদের দাবি, অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের নিয়ে পুলিশের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। বিশেষ করে আনাস নামে একজনকে আটকের খবর প্রকাশের পর পুলিশ তা অস্বীকার করায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।
এ ছাড়া সিয়ামের বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশ তার বয়স ১৫ বছর বললেও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও শিক্ষাগত অবস্থানের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। তারা পুলিশের কাছে এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি জানান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।