ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশ থেকে মো. শাকিল (১৪) নামে এক নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকা মোড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে বিজিবি। পরে পরিবারের সদস্যরা শাকিলের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল। শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে তার মরদেহ দেখতে পায় বিজিবি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুদেশের পুলিশের আলোচনার পর ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে। আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাকিল কীভাবে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।