উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার পর দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র মাউন্ট মানতাপের আশপাশে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ২০০৮ থেকে ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ওই এলাকায় ১ হাজার ৩৯৯টি ভূমিকম্প শনাক্ত করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে মাউন্ট মানতাপ ও আশপাশের এলাকায় ছয়টি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ২০১৭ সালে সর্বশেষ ও সবচেয়ে বড় পরীক্ষার পর ওই এলাকায় ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
গবেষকদের মতে, ২০১৭ সালের বিস্ফোরণের পর পাহাড়ের নিচের ভূস্তর আগের অবস্থায় পুরোপুরি ফিরে আসেনি। বিস্ফোরণের ফলে আগে থেকে থাকা অন্তত দুটি ভূতাত্ত্বিক ফাটল সক্রিয় হয়ে থাকতে পারে। শিলায় নতুন ফাটল তৈরি ও সেখানে পানি জমে ভূগর্ভস্থ চাপ বাড়ার কারণেও ভূমিকম্প হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণায় বলা হয়, ২০১৩ সালে ওই এলাকায় প্রথম ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে ২০১৭ সালের আগে ভূমিকম্পের সংখ্যা ছিল খুবই কম। পরবর্তী সময়ে অধিকাংশ ভূমিকম্পের মাত্রা ২ থেকে ৩-এর মধ্যে ছিল এবং এগুলো ভূপৃষ্ঠের অগভীর স্তরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক কিম।
২০১৭ সালের পারমাণবিক পরীক্ষায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। ওই বিস্ফোরণে একটি সুড়ঙ্গ ধসে পড়ার পাশাপাশি পাহাড়টির চূড়ার আকৃতিতে প্রায় ৩ মিটার পরিবর্তন হয়ে থাকতে পারে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।