ইরানের সব ধরনের পণ্য আমদানি ও ইয়েমেনের বাজারে বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। হুতিদের ইরানের সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ এবং দুই পক্ষের চলমান সংঘাতের মধ্যেই রোববার (১৩ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ গালেবের সভাপতিত্বে আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। জাতীয় স্বার্থের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।
তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কোন কোন ইরানি পণ্য এর আওতায় পড়বে, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে হুতিদের সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ করে আসছে। তবে তেহরান তা অস্বীকার করে। ২০১৪ সালে সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়া হুতিদের ইরান সমর্থন করে বলে অভিযোগ রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।