অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। এ সময় তারা প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করে।
সকালে দফায় দফায় বসতি স্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ ও পুরোনো শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েলি বাহিনী।
আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। তবে বসতি স্থাপনকারীরা সেখানে এসব ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইহুদিদের নববর্ষ রোশ হাশানাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আল-আকসায় বসতি স্থাপনকারীদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
জেরুজালেম গভর্নরেটের দাবি, এসব প্রবেশ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে তথ্য-নিয়ন্ত্রণ বা সংবাদ ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হয়েছে। এতে পবিত্র স্থানটিতে নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দীর্ঘদিন ধরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র। পবিত্র স্থানটির নিয়ন্ত্রণ ও সেখানে প্রার্থনার অধিকার নিয়ে বিরোধও জেরুজালেম সংঘাতের অন্যতম স্পর্শকাতর বিষয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।