আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট ও কর্মবিরতি আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় ও আদেশ পালন করা সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। কোনো রায় বা আদেশে কেউ সংক্ষুব্ধ হলে আপিলসহ আইনানুগ প্রতিকার নিতে পারবেন, তবে এর বিরুদ্ধে হরতাল-ধর্মঘট বা কর্মবিরতি আহ্বানের সুযোগ নেই।
আদালত বলেন, এ ধরনের কর্মসূচি বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শনের পাশাপাশি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট ডাকা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ, বিআরটিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
২০১৭ সালে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালকের সাজাকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ও হরতাল ডাকা হয়েছিল। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে রোববার এ রায় দেয়া হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।