নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পুলিশের লুট হওয়া একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কুরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মুয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি সেগুলো আড়াইহাজার থানায় গিয়ে ওসি মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার এসআই শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা পিস্তলটি আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ওসি মো. সবজেল হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।