অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুল-ত্রুটি সাংবাদিকরা অবশ্যই তুলে ধরবেন। তবে তা অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও এআই বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে সারাদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনেকে গুজব ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। আবার এআই ব্যবহার করে মানুষের ছবি বিকৃত করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকদেরও দুর্নাম হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী জানান, প্রথম ধাপে ময়মনসিংহ বিভাগ, বগুড়া, ফেনী ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।