আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এ নিবন্ধন শুরু হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের বাইরে থাকা বাংলাদেশি ভোটার ছাড়াও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাগার বা আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে সম্মতি নেয়া হবে। এরপর তাদের হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। নতুন ভোটাররাও সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নিবন্ধন করে পোস্টাল ভোট দিতে পারবেন।
এ ছাড়া কারাগারে থাকা ভোটাররা জেল কর্তৃপক্ষের মাধ্যমে এবং উপনির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।