রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের
হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০২:৪০ অপরাহ্ন

লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে উত্তেজনা বাড়ায় ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা ভাবছে সৌদি আরব। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই রিয়াদ এ অভিযান চালাতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

তবে সৌদি আরব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্রও আপাতত হুথিদের বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে না। তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের হুমকি আরও বাড়লে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তন হতে পারে।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সৌদি আরব সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছে। বর্তমানে ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে সহায়তা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একই দিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুবার ফোনে কথা বলেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ স্বার্থ। তবে আঞ্চলিক সংকট মোকাবিলায় সৌদি আরবসহ স্থানীয় দেশগুলোকে নেতৃত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র। হুথিদের হামলা আরও বাড়লে সরাসরি হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে দেশটি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।