বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. হৃদয় হাওলাদার যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটিতে ‘পলিটিকস’ বিষয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি Newcastle University Overseas Research Scholarship (NUORS) ও Teaching Assistantship (TA) পেয়েছেন। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৪ লাখ টাকার ফেলোশিপ পাবেন তিনি।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় বিভাগটি প্রতিষ্ঠার পর পিএইচডির সুযোগ পাওয়া প্রথম শিক্ষার্থী। তার গবেষণায় আয়ারল্যান্ডের Queen’s University Belfast-এর যৌথ তত্ত্বাবধানও থাকবে।
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন ও শরণার্থী অধ্যয়ন, এআই শাসন, আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ রাজনীতি নিয়ে গবেষণা করেছেন হৃদয়। রোহিঙ্গা সংকট, ভারত-বাংলাদেশ পানি বিরোধ এবং যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতাসহ বিভিন্ন বিষয়ে তার গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
এর আগে ডেনমার্কের Aalborg University-তে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন তিনি। পরে দেশে ফিরে গবেষণায় মনোনিবেশ করেন। সুন্দরবনসহ বিভিন্ন ক্ষেত্রে মাঠপর্যায়ের গবেষণাতেও যুক্ত ছিলেন হৃদয়।
নিউক্যাসলে পিএইচডির নতুন যাত্রায় পরিবারের পাশাপাশি শিক্ষক, পরামর্শদাতা ও সহকর্মীদের সহযোগিতাকে নিজের সাফল্যের অন্যতম ভিত্তি হিসেবে দেখছেন তিনি।
ববি প্রতিনিধি/
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।