চীনের কিংদাও বন্দরে সংস্কারকাজের জন্য নোঙর করে রাখা লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, জাহাজে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর-পূর্ব চীনের প্রধান নৌ-পরিবহন কেন্দ্র কিংদাও বন্দরের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে সংস্কারকাজের জন্য জাহাজটি নোঙর করা ছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।
ভেসেলফাইন্ডারের তথ্য ও সিনহুয়ার প্রকাশিত ছবি অনুযায়ী, জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।