অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ বলেছে, ইসরায়েলের এ পরিকল্পনা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা এবং কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ১৯৬৭-পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও জানিয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।