মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসনের ঠিকানা ফোমেমা (FOMEMA) সিস্টেমে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
ফোমেমার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক বিদেশি কর্মীর যাচাইকৃত বর্তমান আবাসনের ঠিকানা সিস্টেমে দিতে হবে। ঠিকানা নিশ্চিত বা হালনাগাদ না করলে স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন সম্পন্ন করা যাবে না।
কর্মী আগের ঠিকানা পরিবর্তন করলে স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধনের আগে নতুন ঠিকানা হালনাগাদ করতে হবে। কর্মীর বর্তমান ঠিকানা সঠিকভাবে যাচাইয়ের দায়িত্ব নিয়োগকর্তা ও প্যানেল এজেন্সির।
ফোমেমা জানিয়েছে, বিদেশি কর্মীদের হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনে দ্রুত শনাক্ত করার সক্ষমতা বাড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন নিয়মে আবাসনের তথ্যের পাশাপাশি বিদেশি শ্রমিকদের অবস্থানের একটি ডিজিটাল রেকর্ডও তৈরি হবে।
মালয়েশিয়ায় কর্মস্থল ও আবাসন পরিবর্তনের কারণে অনেক বিদেশি শ্রমিকের প্রকৃত অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য থাকে না। নতুন ব্যবস্থায় এ ধরনের তথ্যের ঘাটতি কমানোর চেষ্টা করা হচ্ছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ করা প্রতিষ্ঠান ফোমেমা বিদেশি কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করে। দেশটিতে প্রবেশের পর বিদেশি কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে ফোমেমায় নিবন্ধন করে অনুমোদিত প্যানেল ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।