লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির মালিকানাধীন বলে ধারণা করা দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য তোলা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস এ তথ্য জানিয়েছে।
কেনসিংটনের প্যালেস গ্রিন এলাকায় একটি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় রয়েছে ফ্ল্যাট দুটি। একই সড়কে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। ২০১৪ ও ২০১৬ সালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলাদাভাবে অ্যাপার্টমেন্ট দুটি কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পত্তিগুলোর প্রকৃত মালিকানা প্রকাশ্যে নিশ্চিত না হলেও এগুলো মুজতাবা খামেনির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ইরানি ব্যাংকার আলী আনসারিকে খামেনির হয়ে মালিকানা গোপন রাখার ‘ফ্রন্টম্যান’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
আনসারি অ্যাপার্টমেন্ট দুটির বিপরীতে নেয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার পর বিক্রির প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে দ্য সানডে টাইমস। একটি ফ্ল্যাট ২০১৬ সালে ১ কোটি ৯০ লাখ পাউন্ডে কেনা হলেও বর্তমানে ১ কোটি ২০ লাখ পাউন্ডে বিক্রির জন্য তোলা হয়েছে। অন্যটি ২০১৪ সালে ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা হলেও এর প্রকাশ্য বিক্রয় তালিকা পাওয়া যায়নি।
ফ্ল্যাট দুটির অবস্থান ইসরায়েলি দূতাবাসের খুব কাছাকাছি হওয়ায় ব্রিটেনে এগুলো নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা মহলে আগে থেকেই উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।