রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির সাত সদস্যের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাকি পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন মাসুদ রানা ও লিটন মিয়া। খালাস পাওয়া পাঁচজন হলেন বিজয়, চান্দু, ইসাহাক, সাখাওয়াত ও সরোয়ার। রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী।
এর আগে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের বিশেষ জজ আদালত সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেন। মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে জেএমবি সদস্যরা মাজারের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাউনিয়া থানায় মামলা করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।