কারাগারে বন্দিদের জন্য চালু হচ্ছে বিশেষ ভিডিও কল সুবিধা। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এ সুবিধা চালু হয়েছে। শিগগিরই সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
নির্দিষ্ট নিয়ম মেনে কয়েদি ও হাজতিরা সপ্তাহে একবার ১০ মিনিট করে পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ সময় গোপনীয়তা বজায় রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল।
কারা অধিদপ্তর জানায়, কারাগারে মাদক প্রবেশ ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি নেয়া হয়েছে। পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসনে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিং এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে।
বন্দিদের উৎপাদনশীল কাজে যুক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ সাবান উৎপাদন কার্যক্রম চলছে। বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ এবং ৫৫ জন ডিপ্লোমা নার্স পদায়নের প্রক্রিয়াও চলছে।
এ ছাড়া কারাগারে সবুজায়ন, নিরাপদ পানি সরবরাহ, খাবার প্রস্তুত ব্যবস্থার আধুনিকায়ন এবং পোশাক, জুতা-স্যান্ডেল ও বেকারি পণ্য তৈরির প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।