মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওসি (তদন্ত) মিল্টন দত্তও আহত হন। আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।