স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিভিইর প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে উরদা ও লস ইয়েবেনেস এলাকার মধ্যবর্তী রেলপথে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে।
স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা রেনফে ও বেসরকারি উচ্চগতির রেল অপারেটর ইরিওর ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া পর্যন্ত দ্রুতগতির রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনাস্থলে দমকলকর্মী, তিনটি হেলিকপ্টার ও বিশেষায়িত মোবাইল মেডিকেল ইউনিটসহ উদ্ধারকারী দল কাজ করছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাগুলো প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।