হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা ব্যাংক লেনদেনসংক্রান্ত বার্তায় ‘নো’ লিখে উত্তর দিলেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা খোয়া যেতে পারে বলে সতর্ক করেছেন ভারতের হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার। তার দাবি, সাইবার অপরাধীরা ভুয়া লেনদেনের বার্তা পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রতারণার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সজ্জনার জানান, ‘অটো-এক্সিকিউশন ফাইল অ্যাটাক’ নামে একটি কৌশল ব্যবহার করে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে প্রতারকেরা। এ বিষয়ে সতর্ক করতে তিনি একটি ভিডিওও প্রকাশ করেছেন।
তার বর্ণনা অনুযায়ী, প্রথমে অপরিচিত নম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেটে নেয়ার ভুয়া বার্তা পাঠানো হয়। এরপর লেনদেনটি ব্যবহারকারী না করে থাকলে ‘নো’ লিখে উত্তর দিতে বলা হয়। এমন বার্তায় সাড়া দিলে ব্যবহারকারী প্রতারণার শিকার হতে পারেন বলে সতর্ক করেছেন তিনি।
নিরাপদ থাকতে অপরিচিত নম্বর থেকে আসা এমন বার্তায় উত্তর না দিয়ে ব্যাংকের নিজস্ব অ্যাপ বা নির্ভরযোগ্য মাধ্যমে লেনদেন যাচাই করার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। সন্দেহজনক বার্তার লিংক বা ফাইল খোলা থেকেও বিরত থাকতে বলেছেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।