ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে বুথফেরত জরিপ। দুই পক্ষই প্রায় ৫১টি করে আসন পেতে পারে। ফলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন নেতানিয়াহু। ভোটগ্রহণের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ইসরায়েলে ডানপন্থিদের একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। তাঁর ভাষায়, ‘ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠদের ঐক্যবদ্ধ হতে হবে। আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের প্রশ্নই আসে না।’
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুথফেরত জরিপ অনুযায়ী নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রায় ২৭টি আসন পেয়ে পার্লামেন্টের বৃহত্তম একক দল হতে পারে। তবে তাঁর জোট ও প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠন করতে অন্তত ৬১টি আসন প্রয়োজন। জরিপ অনুযায়ী, আরব নেতৃত্বাধীন দলগুলো প্রায় ১৮টি আসন পেতে পারে। ফলে সরকার গঠনের সমীকরণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
নেতানিয়াহু তাঁর বক্তব্যে গত তিন বছরে ইসরায়েলের সামরিক সাফল্য ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন। ইরানের কাছ থেকে আসা ‘অস্তিত্বগত হুমকি’ দূর করতে ট্রাম্পের সঙ্গে কাজ করার কথাও জানান তিনি। তবে নির্বাচনে সরাসরি জয়ের দাবি করেননি নেতানিয়াহু।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।