ভারতের দিল্লিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতাদের আটকের পর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দলের নতুন প্রধান অজিঙ্কা শিন্ডে। গ্রেপ্তারের আশঙ্কায় আগেই ভিডিও বার্তা রেকর্ড করে অভিজিৎ ঘোষণা দিয়েছিলেন, তাঁর অনুপস্থিতিতে বিক্ষোভ ও দলের কার্যক্রম পরিচালনা করবেন অজিঙ্কা।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে অভিজিৎ বলেন, তাঁকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হলে অজিঙ্কার নেতৃত্ব অনুসরণ করতে হবে। দায়িত্ব নেয়ার পর অজিঙ্কাও সমর্থকদের যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানান। পুলিশ বাধা দিলে যেখানে থামানো হবে, সেখানেই বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে শনিবার মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর পর বিমানের ভেতরেই অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে আটক করে পুলিশ। একই দিন সকালে গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়। এর আগে তিনি জার্মানি থেকে ভারতে এসে বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
বিক্ষোভের অনুমতি না থাকার কথা জানিয়ে যন্তর মন্তরের আশপাশে ধরপাকড় চালায় পুলিশ। রাতভর অভিযানে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। তাঁদের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে রাখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মহারাষ্ট্রের আলিবাগের বাসিন্দা অজিঙ্কা শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিতের ঘনিষ্ঠ সহযোগী। এর আগে তিনি আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। শীর্ষ নেতারা আটক থাকায় সিজেপির আন্দোলন অব্যাহত রাখার দায়িত্ব এখন তাঁর ওপর।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।