জাপানের ওকিনাওয়ায় এক নারীকে হত্যা ও ডাকাতির অভিযোগে মার্কিন মেরিন সেনা গ্রেপ্তারের পর সেখানে মোতায়েন মার্কিন সেনাদের ওপর এক মাসের কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি তাদের মদ্যপান নিষিদ্ধ এবং শৃঙ্খলাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সেনার নাম ল্যান্স কর্পোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ড। পুলিশের অভিযোগ, গত শনিবার (৩ অক্টোবর) ওকিনাওয়ার রাজধানী নাহার একটি হোটেলে ৩৯ বছর বয়সী অ্যানা ইয়াগিকে হত্যা করে তার মানিব্যাগ ও ব্যাকপ্যাক নিয়ে যান তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যালার্ড।
ঘটনার পর মার্কিন বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল বেনজামিন ওয়াটসন ৩০ দিনের কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা এবং শৃঙ্খলাবিষয়ক প্রশিক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে ওকিনাওয়ায় মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে।
ঘটনাটি ওকিনাওয়ায় দীর্ঘদিনের মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে স্থানীয় ক্ষোভ আবারও বাড়িয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি হত্যাকাণ্ডকে অত্যন্ত নির্মম ও নৃশংস বলে আখ্যা দিয়ে মার্কিন সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৭২ সাল পর্যন্ত ওকিনাওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে জাপানে থাকা প্রায় ১৮ হাজার মার্কিন মেরিন সেনার বড় অংশই এই দ্বীপে মোতায়েন। এর আগে ১৯৯৫ সালে তিন মার্কিন সেনার বিরুদ্ধে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করেও ওকিনাওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।