কৃষ্ণসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে গেছে। জাহাজটিতে থাকা ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের কাছে জাহাজটিতে ‘নৌ ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়। এতে অপরিশোধিত তেলেও আগুন ধরে যায়। আগুনের তীব্রতার কারণে দমকলকর্মীরা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারেননি।
ঘটনাটি রাশিয়ার পর্যটন শহর সোচির কাছাকাছি এলাকায় ঘটেছে। হামলার পর উপকূল ও সৈকতে মানুষের চলাচল সীমিত করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
এর এক দিন আগে রোমানিয়ার উপকূলের কাছেও একটি জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে সেটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত ও একজন নিখোঁজ হন।
এদিকে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী এমটি অন পিস নামের একটি বাণিজ্যিক জাহাজেও হামলা হয়েছে। এতে ১১ ভারতীয়সহ ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের ওমানের খাসাবে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।