রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অতিরিক্ত মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে এ সহায়তা দেয়া হবে। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর রাজ্য অতিথি ভবন পদ্মায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেয়িসনি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি উপস্থিত ছিলেন।
এই সহায়তা মিয়ানমার ও বাংলাদেশের চলমান সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি সহায়তা দিয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ায় নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।
দুই দেশের মন্ত্রী অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সহকারী মন্ত্রী জুলিয়ান হিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নিয়মিত ও অনিয়মিত অভিবাসন, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, জ্বালানি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী এ. এন. এম. এহসানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ফজলে রাব্বী পলাশ ||
বিশেষ প্রতিনিধি, দ্য মিরর নিউজ
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।