সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ মিছিল হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
ডিআইজি জানান, দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ছড়িয়ে পড়া ভিডিওতে ৩৫ থেকে ৪০ জনকে মিছিলে অংশ নিতে দেখা যায়। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশের একটি টহল গাড়িকে মিছিলের সামনে দিয়ে যেতে দেখা যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।