ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম বাছাইয়ের বিশেষ ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা ও ফ্রান্স ফুটবলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বেস্ট অব অলটাইম’ (বোট) ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে সবচেয়ে বেশি সমর্থন। দ্বিতীয় স্থানে রয়েছে মেসির ২০১২ সালের মৌসুম এবং তৃতীয় স্থানে রোনালদোর ২০১৭ সালের মৌসুম।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ তারকা রোনালদো। পরে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও এই পুরস্কার জেতেন তিনি। অন্যদিকে, মেসি রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন, যেখানে রোনালদোর সংগ্রহ পাঁচটি।
এই আয়োজনে অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তির সেরা মৌসুম বেছে নেয়ার সুযোগ পান সমর্থকেরা। প্রতিটি ভোটের জন্য দিতে হয়েছে এক ইউরো। ভোটদাতাদের মধ্য থেকে একজনের ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও রয়েছে।
মেসি ও রোনালদো ছাড়াও তালিকায় ছিলেন মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেডো দি স্তেফানো ও কার্ল-হাইনৎস রুমেনিগে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।