হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ—সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও বাহরাইনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান। আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার (১২ সেপ্টেম্বর) সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে বৈঠকে আলোচনা ও চুক্তি সই হবে। এতে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক সামুদ্রিক নৌপথ সংস্থা (আইএমও)কেও চুক্তির বিষয়ে জানানো হবে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলোর একটি। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে ইরানের নিষেধাজ্ঞা এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের কারণে এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
উপসাগরীয় ছয় দেশই গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য। যুদ্ধের সময় এসব দেশের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানে হামলা পরিচালিত হওয়ায় তেহরানের সঙ্গে তাদের টানাপোড়েন তৈরি হয়। যুদ্ধ শুরুর পর এটিই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের প্রথম বড় বৈঠক হতে যাচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।