অচেনা ওয়েবসাইট থেকে ভুয়া টিকটক বা গুগল ক্রোম অ্যাপ ডাউনলোড করলে ফোনে ঢুকে পড়তে পারে ‘রকারোলা’ নামের ম্যালওয়্যার। এটি ব্যাংকিং তথ্য ও ব্যক্তিগত ডেটা চুরি করার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেয়ার সুযোগ করে দিতে পারে সাইবার অপরাধীদের।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রকারোলা’ ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তু করতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে এসব অ্যাপ ডাউনলোডে ব্যবহারকারীদের প্রলুব্ধ করে।
ভুয়া অ্যাপ ইনস্টলের সময় গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে সতর্কবার্তা দেখানো হয়। সেটিকে আসল মনে করে ডাউনলোডের অনুমতি দিলেই ফোনে ঢুকে পড়ে ম্যালওয়্যারটি।
ফোনে প্রবেশের পর ‘রকারোলা’ ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। এতে ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি হওয়ার পাশাপাশি লকস্ক্রিনের তথ্য, কনট্যাক্ট ও টাইপ করা তথ্যও হাতিয়ে নিতে পারে।
এ ছাড়া ব্যাংকের সতর্কবার্তা ও সন্দেহজনক লেনদেনসংক্রান্ত ফোনকল বাধাগ্রস্ত করতে পারে ম্যালওয়্যারটি। ফলে ব্যবহারকারী বুঝে ওঠার আগেই অর্থ সরিয়ে নেয়ার সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।
বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের মতো অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করা উচিত। অচেনা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।