ভারতের বিহারে গাড়ির ভেতরে আটকে এক সেনাসদস্যের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় আট দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় মারা যান শত্রুঘ্ন যাদব।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে তাকে রামগড়ে ডেকে নেয়া হয়েছিল। পরে একটি গাড়িতে আটকে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ। বারানসির পর লখনৌয়ের সেনা হাসপাতালে চিকিৎসা চলছিল তার।
যাদবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রামগড়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। দুর্গা চকে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পাশাপাশি থানার সামনে জড়ো হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় সাতজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন পলাতক। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা ও পুলিশের কার্যক্রম খতিয়ে দেখে তদন্ত চলছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।