আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে প্রথম ফিফা আসিয়ান কাপের আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বুধবার বাংলাদেশের ম্যাচের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
২৮ সেপ্টেম্বর একই মাঠে একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাফুফে।
টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে দলের ক্যাম্প। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শামিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম প্রাথমিক ক্যাম্পে ছিলেন না। তবে তারা চূড়ান্ত স্কোয়াডে থাকবেন এবং টুর্নামেন্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন।
এবারের আসরে আসিয়ানভুক্ত ১১ দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত ও চীন সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় বাংলাদেশ ও পাকিস্তানকে নেয়া হয়েছে।
যুবায়ে/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।