হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আগস্টে এ অঞ্চল থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছিল। আগস্টে রপ্তানি কমে যায় ৩৯ শতাংশ। ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, মে মাসে রপ্তানি কমেছিল সবচেয়ে বেশি—৬৭ শতাংশ।
এদিকে সংঘাতের কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় এক সপ্তাহে ব্রেন্টের দাম ৭ দশমিক ৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। শুক্রবার ব্রেন্ট প্রতি ব্যারেল ৯৬ দশমিক ২৮ ডলার এবং ডব্লিউটিআই ৯১ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দামও রেকর্ড ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। তেলের দাম আরও বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।
এ অবস্থায় সিটি গ্রুপ ব্রেন্টের তৃতীয় প্রান্তিকের গড় দামের পূর্বাভাস বাড়িয়ে ৮৬ ডলার করেছে। এএনজেডের বিশ্লেষকেরা স্বল্পমেয়াদে পূর্বাভাস দিয়েছেন ৯৫ ডলার। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে তেলের দাম আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।