দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের পর প্রথমবার আল নাসরের অনুশীলনে ফিরেই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে বিশেষ সংবর্ধনাও।
১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে ঘরোয়া আয়োজনে জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। বিয়ের মাত্র দুই দিন পরই আল নাসরের অনুশীলনে ফেরেন তিনি। সেখানে কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লু ও সতীর্থরা তাকে অভিনন্দন জানান।
আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন পোস্তেকোগ্লু। এরপর অধিনায়ক রোনালদোকে বিয়ের শুভেচ্ছা জানালে করতালিতে মুখর হয়ে ওঠে অনুশীলন মাঠ। হাসিমুখে মাথা নত করে সতীর্থদের শুভেচ্ছা গ্রহণ করেন পর্তুগিজ তারকা। নতুন হেয়ারস্টাইলেও এদিন নজর কাড়েন তিনি।
প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। পারিবারিক এই আয়োজনে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল। বড় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের আয়োজন সম্পন্ন করেন তারা।
এখন বিয়ের আনন্দ পেছনে রেখে মাঠের লড়াইয়ে ফিরেছেন রোনালদো। সামনে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। আল নাসরকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেয়ার পাশাপাশি ক্যারিয়ারের বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকেও নজর থাকবে তার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।