দিনাজপুরের বিরামপুরে ঘোড়াঘাট-বিরামপুর রেলক্রসিংয়ের স্বয়ংক্রিয় গেটবার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় বাঁশ ও দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যস্ততম এই রেলগেটে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রতিদিন ঢাকা-দিনাজপুর মহাসড়কের এই ক্রসিং দিয়ে হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। কিন্তু গেটবার নষ্ট থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা হাতে বাঁশ নামিয়ে রাস্তা বন্ধ করছেন। এতে অনেক চালক ঝুঁকি নিয়ে বাঁশের নিচ দিয়েই পার হওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় চালকরা জানান, অতীতেও এই রেলগেটে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
গেটম্যান আসাদুল্লাহ বলেন, যান্ত্রিক ত্রুটির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো গেটবার মেরামত হয়নি। বাধ্য হয়ে বাঁশ ও দড়ির সাহায্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।
এদিকে, বিরামপুর স্টেশন মাস্টার কাজী ফয়েজ আলাউদ্দীন জানিয়েছেন, গেটবারটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।