ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে ভরা অজ্ঞাত এক ব্যক্তির ৬ খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ঝোপ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে প্রায় ১৫০ মিটার দূরে তিনটি মুখ বাঁধা কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ গিয়ে কার্টনগুলো থেকে বস্তাবন্দি ও অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, প্রায় ৫০ বছর বয়সী ওই পুরুষকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটি মাথা থেকে বুক, বুক থেকে কোমর এবং দুই পায়ের চারটি অংশে খণ্ডিত ছিল। তার দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে।
ঘটনাস্থল থেকে সিআইডি, পিবিআই ও ক্রাইমসিন ইউনিট বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।