যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুসরণ এবং নিকটস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ফ্লাইট বাতিল ও আকাশপথ বন্ধের কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর সেন্টকম আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যদিও আগের কয়েক রাতের তুলনায় এর তীব্রতা কম ছিল।
ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৫০০–এর বেশি আহত হয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।