বুধবার, ২৯ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর : রোড সেফটি ফাউন্ডেশন

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর : সড়ক দুর্ঘটনায় ৭ বছরে নিহত ৭ হাজারের বেশি শিক্ষার্থী : রোড সেফটি ফাউন্ডেশন
সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর : রোড সেফটি ফাউন্ডেশন
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৮, ২০২৬ ০৪:১৪ অপরাহ্ন

দেশে ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী। একই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহত ৪৮ হাজার ৭১৩ জনের মধ্যে শিক্ষার্থীর হার ১৫ দশমিক ১১ শতাংশ। নিহতদের অর্ধেকেরও বেশি মোটরসাইকেলের চালক বা আরোহী ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, নিহত শিক্ষার্থীদের মধ্যে ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসার শিক্ষার্থী ৩ হাজার ৩২৮ জন এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৪ হাজার ৩৬ জন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেলের চালক বা আরোহী হিসেবে নিহত হয়েছেন ৩ হাজার ৮৪১ জন, যা মোট শিক্ষার্থী মৃত্যুর ৫২ দশমিক ১৫ শতাংশ। এছাড়া পথচারী হিসেবে ১ হাজার ৯২৩ জন, যানবাহনের যাত্রী হিসেবে ৯২৭ জন, বাইসাইকেল ও রিকশার আরোহী হিসেবে ৫১৯ জন এবং অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে মারা গেছেন ১৫৪ জন।

সড়কভিত্তিক পরিসংখ্যানে আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ২ হাজার ১৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপর গ্রামীণ সড়কে ১ হাজার ৯৪৭ জন, শহরের সড়কে ১ হাজার ৭৮৬ জন এবং মহাসড়কে ১ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে অসাবধানে রেললাইন পারাপার বা কানে ইয়ারফোন ব্যবহার করে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আরও ১ হাজার ২৩৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ সড়ক, অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন অমান্য, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতার অভাব, শিক্ষার্থীদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং কার্যকর আইন প্রয়োগের ঘাটতিই এ পরিস্থিতির প্রধান কারণ।

সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সড়ক নিরাপত্তা কার্যক্রম, পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করা, গণসচেতনতা বৃদ্ধি, অনিরাপদ যানবাহন বন্ধ এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো কঠোরভাবে বন্ধে কার্যকর আইন প্রয়োগের সুপারিশ করেছে। এছাড়া ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের আট বছর পরও সড়ক পরিবহন খাতে কার্যকর শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

 24
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !