ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ কোটি ইউরোতে। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৩৫০ কোটি ইউরো।
ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্যও কমেছে। এ সময়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ২৯ কোটি ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কম।
একই সময়ে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। পাশাপাশি প্রতি কেজি পোশাকের গড় দাম ১৪ দশমিক ৮৭ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৭৬ ইউরো হয়েছে। ফলে রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের দাম কমে যাওয়াও আয় হ্রাসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়ন। এ বাজারে রফতানিতে চীনের পর বাংলাদেশের অবস্থান। তবে চলতি সময়ে ইইউর বাজারে ভিয়েতনামের পোশাক রফতানিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি দেখা গেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।